গণ অভ্যুত্থান-পরবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার পাওনা আদায়ে তৎপর হয়ে উঠেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। সরকারের পক্ষ থেকে গত মাসে ১৭ কোটি ৩০ লাখ ডলার পরিশোধ করা হলেও এখনো ৮৪ কোটি ৩০ লাখ ডলার বকেয়া রয়েছে।
পাওনা পরিশোধের জন্য সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অর্থ স্থানান্তরের পরিকল্পনা করছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫০ হাজার কোটি টাকা এডিপি বরাদ্দ কমিয়ে তা ২ লাখ ১৫ হাজার কোটি টাকায় নামানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এডিপির বরাদ্দ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই বাজেট কাটছাঁটের ফলে বড় প্রকল্পগুলোর তহবিল হ্রাস পেতে পারে। অভ্যন্তরীণ উৎস থেকে বরাদ্দ ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে বরাদ্দ ১ লাখ কোটি টাকা পুনর্বিবেচনা করা হচ্ছে।
সরকারের অর্থনৈতিক ব্যয় সংকোচনের এই পদক্ষেপের পেছনে রয়েছে বিগত সরকারের অপ্রয়োজনীয় ব্যয়ের চাপ। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বরাদ্দ ৬ দশমিক ৮৪ শতাংশ কমিয়ে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকায় নামানো হয়েছিল।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো তাদের ব্যয়ে সতর্ক ছিল। তবে চলমান আর্থিক সংকট মোকাবিলায় অনেক বড় প্রকল্পের তহবিল কাটছাঁট করা হতে পারে।
0 মন্তব্যসমূহ